দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। তবে অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়ে এসব গোষ্ঠীর সঙ্গে গঠনমূলক আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।
অষ্টম বাগদাদ সংলাপ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে আল-জাইদি বলেন, ‘আমরা এমন কঠিন দিনের মুখোমুখি, যা আগের কোনো সরকারকে মোকাবিলা করতে হয়নি।’
তিনি জানান, কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ইতোমধ্যে তাদের অস্ত্র হস্তান্তর করেছে, আগের সংশ্লিষ্টতা থেকে নিজেদের বিচ্ছিন্ন করেছে এবং পপুলার মোবিলাইজেশন ফোর্সেসে যোগ দিয়েছে। অন্য গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ‘সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক সংঘাতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে সীমাবদ্ধ রাখার বিষয়ে তাদের সঙ্গে গঠনমূলক আলোচনা চলছে।’
তিনি বলেন, ‘সব রাজনৈতিক শক্তিই অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে একমত।’ অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়া ও পদ্ধতি নির্ধারণে কাজ চলছে বলেও জানান তিনি।
এদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকাকে ‘বড় চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করেছেন আল-জাইদি। তিনি বলেন, বর্তমানে ইরাকের তেল রপ্তানি স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশে নেমে এসেছে। বিকল্প রপ্তানি পথগুলোও অস্থায়ী ও সীমিত।
সূত্র: আল-জাজিরা
/অ